বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ। এছাড়াও সভায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলায় যেন একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা, নাশকতা কিংবা নির্বাচনী অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান বক্তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।
সভায় আরও আলোচনা হয়—নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জ উপজেলায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন সবার জন্য নিরাপদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।