
বিশেষ প্রতিবেদক: এ আর হানিফ
ঢাকা-৫ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।
এই প্রচার-প্রচারণার নেতৃত্ব দেন যাত্রাবাড়ী থানা কৃষকদলের আহবায়ক এবং ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ লুৎফর রহমান খান স্বপন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান রিপনসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রচারণাকালে যাত্রাবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ, পোস্টার লাগানো এবং সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং আলহাজ্ব নবী উল্লাহ নবীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রচারকালে নেতারা বলেন, আলহাজ্ব নবী উল্লাহ নবী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে ঢাকা-৫ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কৃষকদল নেতা মোঃ লুৎফর রহমান খান স্বপন বলেন,
“দেশের কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। আলহাজ্ব নবী উল্লাহ নবী জনগণের নেতা, তাকে বিজয়ী করতে কৃষকদল রাজপথে থাকবে।”
অন্যদিকে সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান রিপন বলেন,
“এই আন্দোলন শুধু একটি নির্বাচনের নয়, এটি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। কৃষকদল সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”
প্রচার-প্রচারণাকালে এলাকাবাসীর মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ আসনে ধানের শীষের পক্ষে কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে।